Featured Post

I SAID NO TO QUANTUM METHOD

পূর্বে পোস্ট আকারে প্রকাশিত। কারও সাথে ঝগড়া করার জন্য এটা দেইনি। নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। কেউ মানতে না পারলে আমার কিছু করার নেই।  আ...

Saturday, January 31, 2015

বিয়ে

বিয়ের আগে কথাচ্ছলে হোক বা সত্যিকারভাবে হোক অনেক সহপাঠি বন্ধুরা বিয়ের প্রসঙ্গ উঠলেই বলত, "দোস্ত একটা মেয়ে খুজে দে। বিয়ে করব।"
আমিও জানতে চাইতাম, "কেমন মেয়ে চাস?/কেমন মেয়ে তোর পছন্দ?"
"এই ভাল একটি মেয়ে, শান্ত-শিষ্ট, সংসারী..." ইত্যাদি ইত্যাদি।
"আচ্ছা দেখবো নে" বলে কাটিয়ে আসলেও মনে মনে গালি দিয়ে বলতাম, তুই যেমন, তোর বউটাও যেন তেমনই হয়!তুই দুনিয়া ভেজে খেয়ে ফেলিস আর বউ চাস সতী-সাধ্বী!
আর বিয়ের পর এখন যে প্রশ্নটি শুনি সেটি হল, কেমন মেয়ে বিয়ে করব বা কেমন মেয়ে বিয়ে করা উচিত?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা জীবনের জটিলতম কাজগুলোর মধ্যে একটি। আমি এখানে আমার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলতে চাই।
প্রথমেই বলে নেই, সঙ্গিনী বা সঙ্গী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু স্ব-স্ব পাত্র/পাত্রীর। অভিভাবকের নয়। অনেকক্ষেত্রেই দেখা যায় অভিভাবকের চাপের মুখে মেয়ে বা ছেলেরা বিয়েতে রাজি হয়। বিয়েতে আসলে 'দেখিনা কি হয়' ধরনের চিন্তা করার সুযোগ নেই। তাই মনোমালিন্য, ভাঙচুর- যা হবার তা বিয়ের আগে হওয়াই ভাল। বিয়ের পরে শান্তিতে থাকা যায় সেজন্য আগে থেকেই চেষ্টা করা দরকার।
অনেক ছেলেদের দেখেছি যারা আজীবন টাউট-বাটপারি, ইতরামি-ফাইজলামি করলেও বিয়ের সময় ফুলের মত পবিত্র মেয়ে খোজে। তাদের মনোভাব হল যা করার আগেই করে নেই বিয়ের পর আর করব না/বিয়ের পর আর করতে পারব না। স্বভাব/অভ্যাস এত সহজে বদলে যায় না। বিয়ের পর কিছুদিন হয়ত সংযতভাবে চলে কিন্তু পরে আবার আগের মত।
বিয়ের জন্য আসলে এমন কাউকে নির্বাচন করা উচিত যে কিনা আপনার জীবনযাত্রার সাথে পরিচিত। মানে আপনি যেমন জীবন যাপন করেন সে-ও কাছাকাছি করে। তাহলে পরস্পরের সাথে সহজে অভ্যস্থ হওয়া যায়। ছোট ছোট কিছু উদাহরণ দেই, যেমন আপনি ঘুড়ে বেড়াতে পছন্দ করেন বা চাকুরীর সুবাদে আপনাকে লম্বা সময় ভ্রমণ করতে হয়। এখন আপনি যদি এমন মেয়ে বিয়ে করেন যে কিনা বাস দেখলেই ভক করে বমি করে দেয় তাহলে কিন্তু বিয়ের পর এর হ্যাপা আপনাকেই টানতে হবে।
আবার আপনাকে অফিসের বিভিন্ন পার্টিতে উপস্থিত থাকতে হয়। ধূমপান, মদপান থেকে শুরু করে বৈদেশিক কায়দা-কানুনে আরো অনেক কিছুই হয়। এখন বাবা-মার চাপে পড়ে আপনি মাওলানার মেয়েকে বিয়ে করলেন। বিয়ের পর মাওলানার মেয়ে আপনাকে সৈয়দ সাহেব বানিয়ে দিবে বা আপনি হতে পারবেন সে সম্ভবনা আমার মতে খুবই ক্ষীন। বরং আপনার বউ মাওলানার মেয়ে থেকে নায়লা নাঈম হয়ে যাবে সে সম্ভবনাই বেশি।
আমি মনে হয় আমার কথা গুলো বোঝাতে পারছি না।
মেয়ে খোজার আগে সিদ্ধান্ত নেয়া দরকার আমি কেমন মেয়ে চাই। আমি কি চাকুরীজীবি বউ চাই নাকি চাকুরী ছাড়া? আমি কি উচ্চশিক্ষিত বউ চাই নাকি মোটামুটি হলেই চলবে? আমি কি বোরকাওয়ালী বউ চাই নাকি বোরকাছাড়াও চলবে? বড়লোকের মেয়ে হতে হবে নাকি গরীবের মেয়ে হলেই হবে? বড় ফ্যামিলির মেয়ে হলে কি সমস্যা আছে? মেয়ে কি ধবধবে ফর্সা হতে হবে নাকি শ্যামলা? মেয়ে কি বরিশালেরই হতে হবে? ইত্যাদি ইত্যাদি...
মেয়েরা বিয়ের আগে ছেলের মধ্যে কি খোজে জানি না। তবে ধারনা করতে পারি। দাড়িতে অনেক মেয়ের চুলকানী আছে। তাই আপনার দাড়ি থাকলে অবশ্যই দাড়ি সম্পর্কে পাত্রীর মতামত কৌশলে জেনে নেয়াই ভাল। পক্ষান্তরে মেয়েরাও ছেলের কাছ থেকে সরাসরি শুনে নেবেন যে, বিয়ের পর পড়াশুনা চালিয়ে যেতে দেবে কিনা। চাকরী করার ইচ্ছে থাকলে স্বামী অনুমতি দেবে কিনা। বিয়ের পর কি শ্বশুর-শ্বাশুড়ির সাথে থাকতে হবে নাকি আলাদা ঘর হবে? বোরকা পড়ার অভ্যাস না থাকলে বিয়ের পর কি বোরকা পড়তে হবে? ইত্যাদি ইত্যাদি...
অনেকেই লজ্জায় এসব ব্যাপারে ঠিকভাবে খোজ নেন না। অনেকেই আশংকা করেন এসব ছোটখাট ব্যাপারের আলোচনা তুলে কারো অসন্তোষের স্বীকার হন কিনা। আমি আবারো বলতে চাই, বিয়ের পরে অশান্তি পোহানোর চেয়ে বিয়ের আগে খটমট করা ভাল। বিয়ের পর অশান্তি হলে সারাজীবন পস্তাতে হবে।
আপনি ছেলে বা মেয়ের মধ্যে কি দেখতে চান সেটা ঠিক করার পর কাজ হল আপনার চাহিদাসমূহের মধ্যে অগ্রগামী কোনগুলো সেগুলো ঠিক করে ফেলা। কারন আপনি যেমন চান ঠিক তেমন পেয়ে যাবেন এমন সম্ভবনা শূন্যের কোঠায়। তাই কিছু ব্যাপার ধরে রেখে কিছু ব্যাপারে আপনাকে ছাড় দিতে হতে পারে।
যেমন কেউ যদি বড়লোকের মেয়ে বিয়ে করতে চায় তখন দেখা গেল মেয়ের গায়ের রঙ শ্যামলা। অনেক বড়লোক বাবাই তার শ্যামলা মেয়েকে পাত্রস্থ করার জন্য পাত্রকে প্রতিষ্ঠিত করে দেবার প্রতিশ্রুতি দেয়।
আবার দেখা গেল দেখতে সুন্দর কিন্তু উচ্চতা কম।
মেয়ে সহজ-সরল, সংসারী কিন্তু পড়াশুনায় গোল্লা!
মেয়ে বোরকা পড়ে কিন্তু স্বভাব-চরিত্র ইসলামিক নয়। ইত্যাদি ইত্যাদি।
আমি বলছি না আপনি পারফেক্ট মেয়ে পাবেন না। পাবেন। সংখ্যায় খুব অল্প। পারফেক্ট মেয়ে বিয়ে করার মত পারফেক্ট ছেলে আপনি হতে পেরেছেন কিনা সেটাও কিন্তু অনেক বড় একটা প্রশ্ন!
আমার পরিচিত একজন একটা মেয়ে দেখেছিল। মেয়ের বাবা সরকারী কর্মকর্তা। মেয়ে দেখতে ভাল। উচ্চশিক্ষিত এবং আরো পড়াশুনার ইচ্ছা আছে। বিসিএস দিয়ে সরকারী চাকুরীর আশা করে। সরকারী না হলে বেসরকারীতেও সমস্যা নেই। চাকুরী দরকার। চাকুরীর ব্যাপারে সে খুবই আগ্রহী। বোরকা পড়ে। ছবি আকতে পারে, গানও শিখে।
পারফেক্টের সংগা আসলে একেকজনের কাছে একেক রকম। আমার পরিচিত ঐ লোকের কাছে উপরোক্ত মেয়েটা পারফেক্ট নয়। অন্তত তারজন্য নয়। সে একা একা থাকে। বউ নিয়ে সংসার করতে চায়। বউ চাকুরী নিয়ে দূরে থাকলে বিয়ে করার আর দরকার কি?
সে এমন মেয়ে চেয়েছিল যে কিনা ঘরে থাকবে, তার বউ হয়ে। ঘর সামলাবে, তাকে সামলাবে। আল্লোহর হুকুম-আহকাম মানবে। এটাই তার কাছে মূল বিবেচ্য বিষয়। অন্যবিষয়গুলো সে ছাড় দিতে প্রস্তুত।
তাই আপনি সত্যিকারভাবে কি চান আর কতটুকু ছাড় দিতে পারবেন সেটা আগে থেকেই ভেবে রাখবেন।
অন্যকোন ব্যাপারে না হোক বিয়ের ব্যাপারে পরিবারের সাথে জোড় গলায় কথা বলুন। আপনার পছন্দ-অপছন্দের ব্যাপার জানিয়ে দিন। টিভি নাটক-সিনেমার মত কাল্পনিক জগৎ ছেড়ে বাস্তবের মাপকাঠিতে সম্ভাব্য পাত্র/পাত্রীকে যাচাই করুন। বিয়েতে ঠকলেন তো সারাজীবনের জন্য ঠকলেন। সবদিক দেখে করার পরও অনেকে ঠকে। ভাগ্যের উপরতো আর কারো হাত নেই। তবুও সাবধানের মার নেই।
শুভকামনা রইল যারা বিয়ের ব্যাপারে ভাবছেন তাদের জন্য। আল্লাহ হাফিজ!

আমাদের গল্প


সম্ভবত বাপ্পি সাহেব এর মাধ্যমে জানতে পারি বা সে আমাকে এক গ্রপে এড করে। যেখানে বইমেলা উপলক্ষে লেখা চাওয়া হয়। বইমেলায় নিজে বই বের করব বা শেয়ারিং এ লেখা দিব এটা কখনো ভেবেছি কিনা জানি না। আমার মনোভাব ছিল অনেকটা, 'আচ্ছা দেখি না কি হয়' টাইপ!

নতুন গল্প লেখা নেই। লেখার মুরোদও নেই। পুরনো গল্প নিয়েও সমস্যা। কোনটা রেখে কোনটা দেই। দুই বা ততোধিক গল্প দিতে বলা হলেও আমি একটাই দিয়েছি। অনেকটা বাজির মত। লাগলে বাজিমাত, আর না লাগলে নাই। আমার আজাইরা গল্প সিলেক্ট হলেই কি আর না হলেই বা কি!

গল্প সিলেক্ট হল! কারা সিলেক্ট করল, কিসের ভিত্তিতে সিলেক্ট করল-কে জানে? সত্যি কথা বলতে গেলে মনে মনে একটু হাসি-ই এসেছিল। আজাইরা একটা গল্প সিলেক্ট হল, কোন বোকাগুলা জানি সিলেকশন কমিটিতে ছিল! হে হে হে...

কিছুদিন পরে জানতে পারলাম বই বের হবে। নালন্দা থেকে। প্রকাশককে টাকা দিতে হবে। চিনি না, দেখি নি-এমন মানুষকে স্রেফ বিশ্বাসের উপর ভিত্তি করে টাকা দিতে হবে।

ভার্চুয়াল লাইফের অনেক জায়গায় টাকা দিয়েছি। ছোট থেকে শুরু করে মোটা অংকের টাকা দিয়েছি। স্রেফ বিশ্বাসের উপর ভিত্তি করে। তাই যখন টাকার তোলা হচ্ছিল তখন বই বের হবে এটা বিশ্বাস করি নি। আবার টাকা হাওয়া হয়ে যাবে সেটাও বিশ্বাস করি নি। আবারো সেই 'আচ্ছা দেখি না কি হয়' ফিলিংস! সম্ভবত বাপ্পির সাথে কথা বলার সময় এই ব্যাপারে আমি সন্দেহ প্রকাশ করি।

পরে শুনলাম ২০০০ টাকা দিতে হবে। মাত্র ২০০০ টাকা! এই তুড়িতেই উড়িয়ে দিলাম। ধূর দুই হাজার টাকা মেরে দিলে আমার তেমন কিছুই আসবে যাবে না। আর যার কাছে টাকা পাঠাব ( দুর্জয় অভি ) সেও যে শমশের বিন মুবেন হয়ে যাবে তেমন কোন সম্ভবনা নেই। সো, দেখি না কি হয়!

ওহ! ফাঁকে একটি কথা বলে নেই। আমার বিশ্বাস হল যার যেটার সামর্থ্য আছে সেটাই তার করা উচিত। আরেকজনের ঘাড়ে পা দিতে তার ঘাড় ব্যথা করে নিজের কোন কাজ করানোটা আমি পছন্দ করি না। নিজে এমনটা করতে চাই না, কেউ করতে চাইলে তাকেই কঠিনভাবে নিরুৎসাহিত করি। সে আর আগাতে সাহস পায় না।

আমি খুবই অবাক হলাম যখন জানতে পারলাম এখনো কারো কারো টাকা দেয়া বাকি! অভি এখনো দু-একজনের কাছে টাকা পায়!

আমার জানামতে অভির বাপের জমিদারি নেই। নাকি আছে? আর প্রকাশকরা বাকিতে বই বের করেছে সেটাও অবিশ্বাস্য! তাহলে অভি টাকা পেমেন্ট করল কিভাবে? অভির কি ঠেকা পড়ল নিজের পকেটের টাকা দিয়ে আমাদের লেখা ছাপানোর? এত দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি করার?

আসলে কিছু লোকজন থাকেই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর। নিজের সময়, ঘাম দিয়ে অন্যের ভাল করতে চায়। অভির সাথে যারা শ্রম দিয়েছে তারাও এই ক্যাটাগড়িতে।

দোষ আসলে অভির নয়। আমার মত কিছু দু'পেয়েদের! যারা ছেড়া কাথায় শুয়ে লাখটাকার স্বপ্নে মশগুল। কোন বদনার দাম যদি ১০ টাকা হয় তাহলে সেটা ১০ টাকা দিয়েই কিনতে হবে। ৮ টাকা বা ৯ টাকা দিয়ে কেনার সুযোগ নেই। দিলাম ৮ টাকা আর ২ টাকা বাকি রাখলাম অথবা বদনা বগলতলে নিয়ে বাড়ির পথে হাটা ধরলাম, আমার মত দু'পেয়েদের এমন কর্মে দোকানদারের সম্মান ভূলুন্ঠিত হবার জোরাল সম্ভবনা থাকে। টাকার মূল্য না হয় আমি শোধ দিতে পারব কিন্তু আমার গাফিলতি বা স্বপ্নবিলাসীতার কারনে যদি কারো বিন্দুমাত্র সম্মানহানি ঘটে তবে তার মূল্য কিভাবে পরিশোধ করব?

যা বলছিলাম। বই বের হয়ে গিয়েছে। এই বইয়ের কথা মনে হলে আমার সমযোজী বন্ধনের কথা মনে পড়ে। যারা রসায়ণ পড়েছেন তারা মনে হয় ধরতে পেরেছেন আমি কি বলতে চাইছি।

এটা আমাদের সবার বই। কারো একক বই নয়। কিন্তু কারো সাথে যদি বইয়ের কথা বলতে যাই তখন গর্ব করে বলে ফেলি, এইবারের বইমেলায় আমার একটা বই এসেছে! আমার মনে হয় প্রতিটি লেখক-লেখিকা এই কাজ করেন! 
smile emoticon
এবার আসি অভিযোগ প্রসংগে। সত্য কথা হল ভাল কিছু হলে কিছু লোক দাঁড়িয়ে যাবে সেই ভালর ভিতরে কালো খুজতে। কথায় আছে না, মানিকে মানিক চিনে আর **রে চিনে কচু! ঐ **রদের আলোচনা করা মানেই তাদের গুরুত্ব দেয়া। বই বের হয়ে গেছে। এটা একটা ফ্যাক্ট!

এই ফ্যাক্ট কিছু লোকের নিন্মাঙ্গের বেদনার কারন হতেই পারে। এটা এমনি এক ব্যথা যেটা কোন মলমে সারার নয়। এই ব্যথা দিন দিন বাড়তে থাকে। এই রোগে আক্রান্তরা ব্যথা নিয়ে মৃত্যবরণ করে। তারা চায় তাদের ব্যথা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে। সো আবোল-তাবোল কথা বলতেই থাকে। তাদের কথায় রিয়েক্ট করা মানেই ব্যথায় একটু আরাম দেয়া।

আমি ব্যক্তিগত ভাই চাই না তাদের ব্যথায় কেউ আরাম দেক। তারা কাতরাক। তাদের কাতরানি দূর থেকে দেখতে বড় ভাল লাগে। তাদের কাছে যেতে নেই। দুর্গন্ধ!

অভির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে নাকি আমাদের টাকা মেরে দিচ্ছে। এত টাকা লাগে না বই বের করতে!

আমার টাকা+আমার রয়ালিটির টাকা সব অভিরে দিয়া দিলাম। দেখি আমাকে কে ঠেকায়!

আমার এই কথা শুনে কারো নিন্মাঙ্গের ব্যথা বাড়িয়ে গেলে সে জন্য অভি দায়ী নয়। আমি দায়ী। দেখি কে কি করতে পারে!

অতীত ও সমকালীন আমি‬

চাকুরী পাবার পর বোনাস পেয়ে প্রথম যে কাজটি করি সেটি হল ল্যাপটপ কিনি, নেট কানেকশনও নেই। সেও মনে হয় ২০০৮ সালের শেষের দিকের কথা। ফেসবুকের কথা জানতাম না। এদিক সেদিক ঘোড়াঘুড়ি করে সময় কাটাতাম। ইয়াহু চ্যাট রুমে কত চ্যাট করেছি! কিছুদিন পরে আমার এক বন্ধু কাছে ফেসবুকের কথা শুনি। সাইন আপ করে একাউন্ট খোলার পর বোঝার চেষ্টা করি। তখন ফেসবুক তেমন কেউ ব্যবহার করে না আমাদের দেশে। লেখালেখির প্লাটফর্ম ছিল ব্লগিং। আমিও আমার ব্লগে টুকটাক লেখা দিতাম।

ধীরে ধীরে ফেসবুক ব্লগিংয়ের জায়গা দখল করে। এখন ব্লগে ঢোকাই হয় না। গলাবাজি আর গালিবাজির ভয়েই একপ্রকার ব্লগিং থেকে বীতশ্রদ্ধ হয়ে কাপুরুষের মত ব্লগিং বাদ দেই। ধীরে ধীরে ফেসবুকের মজা পেয়ে যাই। একা একা থাকতাম। ফেসবুকে ফ্রেন্ড সার্কেলের কারো কারো সাথে চ্যাট করে নিসঙ্গতা কাটানোর চেষ্টা করতাম। তখন জলদি ঘুমাতাম রাতে। সকালে এমনিতেই ঘুম পূর্ণ হয়ে ঘুম ভেঙে যেত।

মন থাকত ভাল। অদ্ভূত এক আনন্দ নিয়ে আমার দিন শুরু হত। তখনকার দিনের আমার ফেবু স্ট্যাটাস দেখলে আমার মন ভালর পরিমাণের একটা আন্দাজ করা যায়।


ফেসবুক আমার কাছে সত্যিকারে আকর্ষনীয় হয়ে উঠে আমার জীবনে লিহামের আগমনে। (নামটা অবশ্যই ছদ্ম ও মানুষটা মেয়ে) মাঝে মাঝে আমি খুব ফ্রাংক্লি কথা বলতে পারি। মেন্টালিটির মিল যাদের সাথে থাকে আর প্রথম দর্শনের যাদের পছন্দ হয় তাদের সাথে খুব সহজভাবে মিশতে পারি। আর এসময় যদি কারো মন খারাপ থাকে তার মন ভাল করে দেয়া নিমিষের ব্যাপার ছিল। লিহামের সাথে কথা বলতে আমার ভাল লাগত। তারও নিশ্চয়ই ভাল লাগত। দুঃখের সাগরে ভেসে থাকা কোন মেয়ে যখন আমার সাথে কমফোর্ট ফিল করত তখন আমার আরো বেশি ভাল লাগত। আমি তার জন্য অপেক্ষা করতাম কখন অনলাইনে আসবে। সেও আমার জন্য অপেক্ষা করত।

মেয়েটার ব্যক্তিত্ব আমাকে চরমভাবে আকর্ষণ করত। এমন দুর্বার আকর্ষণ আমি আর কারো প্রতি অনুভব করিনি আর ভবিষ্যতে করব কিনা কে জানে! সে ছিল আমার জীবনের প্রথম মেয়ে যার সাথে আমি এতটা ফ্রী হয়েছিলাম, যে আমার সাথে এতটা ফ্রী হয়েছিল। আমি তাকে ঘিড়ে আমার স্বপ্নজাল বুনতে থাকি। সম্ভব-অসম্ভব নানা ধরনের কল্পনাতে মত্ত হই।

মেয়েদের একটি বৈশিষ্ট হল তারা ছেলেদের মনোভাব বুঝতে পারে। কে তাকে ভালবাসে আর কে তাকে শুধুই কামনা করে তাও বুঝতে পারে। আমি যে তার প্রেমে পড়ে গেছি সেটা আমি বুঝতে পারার আগেই সে বুঝতে পেরেছিল। এই প্রসঙ্গে কথা উঠলেই সে আমাকে ঘুড়িয়ে ফিরিয়ে সাবধান করে দিত। আমি এখনো বিশ্বাস করি সে আমাকে কষ্ট দিতে চায় নি।

আমি ছোটবেলা থেকেই ভয়ংকর রকম জেদী। আর নিজের কাছে সব ব্যাপারে পরিষ্কার থাকতে চাই। কেউ যেন আমাকে কোন বিষয়ে দোষারোপ করতে না পারে সেদিকে খেয়াল রাখি। তবে ন্যায় কথা বলার চেষ্টা করি তাতে যতই দোষারোপ আসুক না কেন।

আমি কখনই চাইনি যে লিহাম আমাকে দোষারোপ করুক যে আমি তার নিসঙ্গতার সুযোগ নিচ্ছি। আমি চেয়েছি আমি যেন সারাজীবন তার পাশে থাকতে পারি। তার মনের তল যেন পাই। তাই নিজের বিবেকের তাড়নায় কঠিন জিনিস সহজ করে তার সামনে উপস্থাপন করি। আমার বন্ধু যারা আমার এই ব্যাপারটা জানত সবাই স্বীকার করেছে আমি যা করতে চাচ্ছি তা চরম দুঃসাহসিক ও বোকার মত। এমন কেউ করে না। ব্যাপারটা আমি খোলাসা করতে চাই না। সেক্ষেত্রে লিহামের পরিচয় ফাঁস হয়ে যাবার সম্ভবনা রয়েছে। আমি সেই ঝুঁকি নিতে পারি না।

এই ঘটনার পর থেকেই যেন আমাদের মধ্যে যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়। লিহাম ভান করে সে আমার সাথে আগের মতই আছে। কিন্তু আমি বুঝতে পারি আমরা ধীরে ধীরে দূর থেকে দূরতম প্রান্তে চলে যাচ্ছি!

তাকে আমি যেভাবে চেয়েছি ততটা আবেগ দিয়ে মনে হয় আর কিছু আল্লাহর কাছে চাই নি।

যতটা কষ্ট স্বীকার করেছি, আর কারো জন্য তা করিনি।

যত চোখের পানি ফেলেছি, অন্য কখনো তা ফেলিনি।

তার জন্য নিজের ইগোকে যেভাবে জবাই করেছি, আর কখনো তা করিনি।

কিন্তু ফলাফল স্বরূপ আমাদের সম্পর্ক আর স্বাভাবিক হয় না। মনেহয় আমিই স্বাভাবিক হতে পারি নি। তার দাবি অনুযায়ী সে আমার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চেয়েছে। কিন্তু আমি স্বাভাবিক রাখতে পারি নি। হয়ত তার কথাই ঠিক।

আমার তখনকার ভাঙা হৃদয়ের নিসঙ্গ জীবনে যে ছেলেটা আমাকে সঙ্গ দিত তার নাম Adnan Sowmik Suhan সুহানের সাথে আমার পরিচয় সম্ভবত কোন আড্ডা পেজের সূত্র ধরে। কোন আড্ডা পেজের কমেন্টের সূত্র ধরে সুহানের ফ্রেন্ড রিকোয়েস্ট পাই। তারপর অনেক কথা-বার্তাই হত। সে এসব কথার কোন কিছুই জানত না। এখনো জানে না। এই স্টাটাস পড়ার পর জানছে আর কি। কিছু কিছু ব্যাপারে আমি খুবই চাপা।

সুহানের সাথে পরিচয়ের সূত্র ধরে বর্তমানের ন্যানোম্যান আসিফ মেহ্‌দীর সাথে পরিচয়। ২০১৩ সালের শেষের দিকে লিহাম আমার "মুসলমানিত্ব" নিয়ে প্রশ্ন তোলে। চরম অপমানসূচক কথাগুলো আমার ভিত নাড়িয়ে দেয়। আমি বুঝতে পারি সে আর কোন কিছু বিনিময়ে আমার হবে না। আমিও মন শক্ত করে তার দিক হতে মুখ ফিরিয়ে নেই। কথাগুলো সে বলেছিল আমার এক বন্ধুর কাছে। তাকে অবিশ্বাস করার প্রশ্নই উঠে না।

বুকে পাথর বেঁধে চলাফেরা করি আর রাতের বেলা অশ্রু সামলাই। মনে মনে চিন্তা করি আর জীবনে কখনো যেন লিহামের সাথে দেখা না হয়। তার প্রতি আমার কোন ঘৃনাবোধ থেকে আমি এই চিন্তা করি নি। করেছি তার সামনে আমি পড়তে চাই না তাই। কি দরকার শুধু শুধু নিজের পরাজয়ের মুখোমুখি হবার? যার আশা ছেড়েছি তার থেকে দূরত্ব রাখাই শ্রেয়।

এইসব ঘটনার ফাঁকেই ২০১৪ সালের বইমেলা এসে পড়ল। সুহান, আসিফ ভাইকে সঙ্গে নিয়ে আমি ন্যানো জিলাপি উৎসব-২০১৪ উৎযাপনের আয়োজন করলাম। উৎসব হবে বাংলা একাডেমীর নজরুল মঞ্চে। ২১ শে ফেব্রুয়ারীতে বিকাল ৪ টায় সবাইকে নজরুল মঞ্চে আসার জন্য বলা হল। ফেসবুকে ইভেন্ট খোলা হয়েছিল। সেখানে সবাইকে জানিয়ে দেয়া হল। আমিও অফিস থেকে ছুটি নিলাম। ঢাকা যেতে হবে।

আমি ঢাকা যেতে চাই না। চাই না কারন একটাই। লিহামের সাথে আমার স্মৃতিগুলো সামনে এসে দাঁড়ায়। আমার সহ্য করতে কষ্ট হয়। রবীন্দ্র সরোবর, ধানমন্ডি স্টার কাবাব, কলাবাগান, গুলিস্তান, আহসান মঞ্জিল-- আমাকে তার কথা মনে করিয়ে দেয়। কেউ আমাকে ঢাকা যাবার কথা বললেও আমি মানা করি। কারন ঐ একটাই।

ন্যানো জিলাপী উৎসবে যাবার জন্য প্রস্তুতি নিলেও মনে মনে শংকিত ছিলাম যে লিহামের সাথে দেখা হয় কিনা। আসিফ ভাই ফোন করে জিজ্ঞেস করলেন আমার ক্যামেরা আছে কিনা। আমি জানালাম ক্যামেরা নাই তবে দুই একদিনের মধ্যে হাতে আসবে, অর্ডার দেয়া আছে। ফেব্রুয়ারীর ১৭ তারিখ DSLR টা হাতে পাই। ভালভাবে কিছু বোঝার আগেই ক্যামেরা হাতে ঢাকা চলে আসি।

প্রথমেই ফজলে রাব্বি ইফরান আর সুহানের সাথে দেখা হয়। একটু পরে আসিফ ভাই আসলেন। জিলাপী খাওয়ালেন আমাদের। তারপর চারটা বাজাতে আমরা চললাম নজরুল মঞ্চের দিকে। আমার গলায় তখন ক্যামেরা ঝুলছে। বইমেলায় ঢুকতেই আমার মাথায় বাজ পড়ল!

কালো শাড়ি পড়া ঐ মেয়েটা কে? আরেক DSLR ওয়ালার পিঠের উপর হাতে ভর দিয়ে ঝুকে বসে থাকা ঐ মেয়েটি কে? কে ঐ মেয়েটি গাছের পাকা বাউন্ডারির উপর বসে আছে?

নিজের ক্রাশকে অন্যের সাথে দেখলে কেমন অনুভূতি হয়? আমি আসলেই কিছুই অনুভব করছিলাম না। করছিলাম কিনা তাও মনে নেই আসলে। আসিফ ভাই সামনে, পিছনে আমি, সুহান আর ইফরান। আমি হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছি!

কালো শাড়ি পড়া মেয়েটা বসা থেকে উঠে সামনে এগিয়ে হাসিমুখে পোজ দিল। আর ক্যামেরাওয়ালা চটপট কিছু ছবি তুলে নিল!

এরই মধ্যে আসিফ ভাই সামনে এগিয়ে গেছেন। আমি ভেবেছিলাম উনি গাছের পিছন দিয়ে যাবেন। আমরা তাকে অনুসরণ করব। কিন্তু উনি সামনে দিয়েই গেলেন। আমি আমার উলটো করে পড়া ক্যাপ সোজা করে পড়ে কপালের উপর টেনে দিলাম। কাধদুটো উঁচু করে চেহাড়া আড়াল করতে চাইলাম। তারপর লম্বা লম্বা পা ফেলে অন্যদিকে মুখে করে আসিফ ভাইয়ের অনুসরন করলাম।

এগিয়েই দেখি আহসান হাবীব, জিকো ভাই আরো কয়েকজন বিদেশি লেখক এসেছেন আমাদের বই মেলায়। আসিফ ভাই হাসি হাসি মুখ করে প্রস্তুত। আমিও ক্যামেরা নিয়ে দুই-একটা ছবি তুললাম। ফোন বেজে উঠল। আমি বুঝে গেলাম কার ফোন এসেছে।

ফোন রিসিভ করে বললাম, তোমাকে দেখতে পাচ্ছি। আসতেছি দাড়াও। সুহান আর ইফরান সম্ভবত আমাকে লিহামের সাথে কথা বলতে দেখেছে। তোমরা কি আইডিয়া করতে পেরেছো আমি কার সাথে কথা বলছি?

কিছুক্ষন কাটা কাটা কথা বলে আমি চলে আসলাম। আমার পাল্‌স তখন বাড়তি, গলা শুকনো, বুকটা ভারি লাগছে আর মাথাটা পালকের মত হালকা!

পরিচয় হল মেহেদী হাসান, সাতিয়া মুনতাহা নিশা , আখতারুজ্জামান বাপ্পি, আজিম হোসন সহ আরো দু-একজনের সাথে। ঘুড়লাম, ফিরলাম, বই কিনলাম। সব করলাম হাসিমুখে! সেদিন আসিফ ভাইয়ের বাসায় ভাত খেয়েছি। সেখানে আংকেলের সাথে পরিচয় হয়। উনার মত পজিটিভ মাইন্ডের মানুষ আমার আর চোখে পড়েনি এখনো। উনার সাথে কথা বলে নিজেকে একটু সুস্থ লাগল। এরপর আমার বেয়াই জসিম ভাইয়ের কাছে চলে যাই কল্যানপুরে। আমার ভাগ্য ভালে সেদিন আমাকে একা বেশিক্ষন থাকতে হয় নি। থাকলে হলে নির্ঘাত চোখের পানি ফেলতাম।

আমার ঢাকা ভীতি আরো বেড়ে গেল। আগেতো যেতে চাইতাম না। আর এখন বদ্ধমূল ধারনা হয়েছে যে গেলেই লিহামের সামনে পড়তে হবে। লিহাম আমাকে ক্যামেরা নিয়ে ঘোড়াঘুড়ি করতে দেখে আমার বন্ধুর কাছে অভিযোগ করেছে আমি নাকি আমার ক্যামেরা দিয়ে লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলেছি!

নিজের উপর আমার শত অভিশাপ! লিহামের পিছনে ঘুড়তে ঘুড়তে, তার প্রতি ডেডিকেশন দেখাতে গিয়ে আমি নিজেকে তার দৃষ্টিতে এতটাই নিচে নামিয়েছি যে, সে আমার সম্পর্কে এমন একটা আশংকা করতে পারল! সুহান, কি দরকার বলো সেধে সেধে ব্লেম নেবার? সুহান আমাকে ঢাকা আসার আমন্ত্রণ জানায় মাঝে মাঝে। আমি রেগে যাই। কিছুদিন আগে আবারো বলাতে মেজাজ হারিয়ে তাকে কিছু কড়া কথা শোনাই। তখন সুহান প্রমিজ করে সে আর আমাকে বিরক্ত করবে না। সুহান তার কথা রেখেছে, সত্যিই আমাকে আর বিরক্ত করে নি।

কোন এক বিচিত্র কারনে কিছু মানুষ আমাকে অতিশয় পছন্দ করে। সুহান সেই সব মানুষদের একজন যারা কোন কারন ছাড়াই আমাকে পছন্দ করে। কিন্তু আমি এমনই মানুষ যে যারা আমাকে পছন্দ করে তাদের দাম দেই না। আর যারা দূর দূর করে তাদের পিছে পিছে ঘুরি!

আবার আগের প্রসঙ্গে ফিরে যাই। আমি এখনো ভেবে অবাক হই সাদা ফুলের সাথে আমার কিভাবে পরিচয় হল! আপনারা অনিক খান কে তো চিনেন-ই তাইনা? আমার সাথে সাদা ফুলের পরিচয় হয়েছে অনিক খানের মাধ্যমে! 

grin emoticon
গত বছর ১৪-ই এপ্রিল অনিক খানের পহেলা বৈশাখ সম্পর্কিত একটা স্ট্যাটাসে আমি কমেন্ট করি। পরের দিন আমাকে সাদা ফুল রিকোয়েস্ট পাঠায়। এক্সেপ্ট করি। নকও প্রথমেই সে-ই করে। অনিক খানের স্ট্যাটাসে কত কত লোক লাইক কমেন্ট করে। তার মধ্য থেকে সাদা ফুল আমাকেই রিকুয়েস্ট পাঠিয়েছিল! তারপর মেয়ে হয়েও প্রথমে অগ্রসর হয়ে আমাকে নক করে!

কাকতালের উপর বকতাল!

প্রথমদিন কথা বলতে গিয়েই খেলাম একটা ঝাড়ি! এত প্রশ্ন কেন করি? ইনফো দেখে কি এড করি নি?-- 

grin emoticon
লিহাম ও সাদাফুল, দুইজনেরই জন্মসংখ্যা ০১। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মসংখ্যা ০১ হলে তার স্বভাব-আচরন যেমন হবার কথা লিহামের তেমন হলেও সাদাফুল ভিন্ন মেরুর বাসিন্দা।

সাদাফুলের ধৈর্য্যের পরিচয় পাই আমি আমাদের বিয়ের আগের রাতে। গত মাসের ২৬ তারিখ আমাদের বিয়ের হয়। তার আগের দিন অফিস করে বিকেলে আমি রওনা হই বাসার উদ্দেশ্যে। BRTC র এসি বাস হলেও বিয়ের টেনশন আর মেঘনা ব্রীজের উপর গাড়ি বিকল হবার কারনে সৃষ্ট যানজটে দীর্ঘসময় বসে থেকে দুপুরে ভাত না খাওয়া আমি আমার ধৈর্য্যের শেষ সীমায় পৌছে যাই। চ্যাটে তার সাথে অসংলগ্ন কথা-বার্তা বলতে থাকি। সে আমার কোন কথায় উত্তেজিত না হয়ে নরম সুরে কথা বলে আমাকে শান্ত হতে সাহায্য করে।

আমাদের সম্পর্কের পরিনতি কিন্তু এত সহজ ছিল না। আমাদের ফ্যামিলি আমাদের সাপোর্টে ছিল না। কিন্তু আমাদের দুজনের একটা ফিলিং ছিল যে, আমাদের বিয়ে হবে। আমার আম্মা এখানে ছেলেকে বিয়ে করাবেনই না। আর তার ফ্যামিলির প্রথম কথা হল, ফেসবুক হল ভুয়া। এখানে সবাই ধান্ধায় থাকে। বিভিন্ন নাটক-সিনেমা দেখে তাদের এমন ধারনা হয়েছিল।

কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ফ্যামিলিকে কনভিন্স করতে। আমার ছোট ভাই আম্মাকে যেভাবে বুঝিয়েছে কোন ছেলে বোধহয় তার মাকে সেভাবে বোঝায় না। সাদাফুলের কথা হল সে ফ্যামিলির অনুমতি ছাড়া বিয়ে করবে না। তার ফ্যামিলি যেখানে বিয়ে দিবে সেখানেই করবে। আমি অনেক সময় উত্তেজিত হয়ে পালিয়ে বিয়ে করার কথা বললেও সে কখনই আমাকে উৎসাহিত করে নি।

এরমধ্যে আমি তাকে অফিসিয়ালি দেখার আগে আনঅফিসিয়ালি একবার দেখা করতে রাজি করাই। আমাকে ভালবাসে এমন কারো সাথে প্রথমবারের মত দেখা হবে। কোরবানির ঈদের আগের ঘটনা। প্লান করি যে, ঈদের বাড়িতে গেলে একফাকে দেখা করে আসব। কিন্তু গিফট কি নেব? রিয়াজ উদ্দিন বাজারে অনেক ঘুরাঘুরি করে একটা মগ কিনি যার গায়ে লেখা ছিল Me and You আরেকটা ছোট্ট পুতুল কিনি।

এরই মধ্যে সাদা ফুল প্লান করে তার এক কাজিনকে নিয়ে আমার সাথে দেখা করতে আসার। সে বাসা থেকে একা একা বের হয় না। তাই কাজিনকে আনা। কিন্তু কাজিন তেমন একটা আগ্রহ না দেখানোয় আমাদের দেখা করার পরিকল্পনা আলোর মুখ দেখেনি। প্রচন্ড রাগে আমি মগ আর পুতুল আমার ছোটবোনকে দিয়ে দেই। সাদাফুল আমার জন্য একটা রুমাল সেলাই করেছিল। আমি সেই রুমাল নেইনি। দেখতেও চাই নি। ভবিষ্যতেও চাই না।

আমার ছোট ভাই ও বন্ধুর কল্যানে গত ১৯ শে নভেম্বর আমি পারিবারিকভাবে মেয়ে দেখতে যাই। আমার সাথে যান আমার আম্মা ও মাঐ (বোনার শ্বাশুড়ী) মেয়ে দেখার পর আম্মা তার মত পরিবর্তন করেন। সাদাফুলের মধ্যে আম্মা কি দেখেছেন কে জানে, আম্মা একদম পটে যান। হয়ত তার দুয়ার বরকতে আল্লাহ আম্মার অন্তরকে ঘুড়িয়ে দেন।

এখন মেয়ের ফ্যামিলি আমাকে পছন্দ করার পালা। আম্মা একটা কথাই বলেছিলেন, তারা যদি ছেলে দেখে রাজি হন। অন্যথায় রাজি হবার কোন কারন নেই। আমি প্রতিষ্ঠিত নই, ভাল জব করি। কিন্তু সহসাই প্রতিষ্ঠিত হব এমন কোন সম্ভবনাও নেই। কিন্তু মেয়ের বাবা (আমার শ্বশুড় রাজি হলেন) এটাও হয়ত সাদাফুলের দোয়ারই বরকত।

আমি এমনিতে যতটুকু খুশি হয়েছি তারচেয়ে অনেক বেশি খুশি হয়েছি সাদাফুলের খুশি দেখে। হায়! আমিও কারও জন্য খুশির কারন। আমার কি এমন যোগ্যতা আছে সাদাফুলের মত একজন মানুষের খুশির কারন হবার? আল্লাহই ভাল জানেন।

আমার মসজিদের বিয়ে করার ইচ্ছে ছিল। আলহামদুলিল্লাহ আমার সে ইচ্ছা পূরণ হয়েছে। অন্যসব কিছুও আমার মনমত হয়েছে। আমি একটা "বউ" চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি "বউ"-ই পেয়েছি।

ফেসবুকের কল্যানে অনেক অঘটনই ঘটছে। তবে ভাল কিছু যে ঘটছে না তা নয়। প্রযুক্তির আসলে ভাল-মন্দ দুই দিকই আছে। আমাদের উচিত পজিটিভ মাইন্ড নিয়ে ভাল জিনিসটা গ্রহন করা। আমি আমার ফ্যামিলির সাথে কোনরূপ ছলচাতুরী করতে চাই নি। আজকাল বিভিন্ন নাটক সিনেমায় দেখি লাভার কে পাবার জন্য হাজারো মিথ্যে, ছলচাতুরী আশ্রয় নেয়া হয়। তারপর একসময় তাদের মিল হয়। আলহামদুলিল্লাহ, আমি কঠিন কিছু সত্য আমার ফ্যামিলির কাছে প্রকাশ করেও সাদাফুল কে পেয়েছি। এর শোকর আমি কিভাবে আদায় করব?

আমি একটা কথা বলি? অনেকেই বলে থাকেন যে, ভালবাসা সত্য হলে সেই ভালবাসা পূর্ণতা পায়। এটা যে একটা ডাহা মিথ্যে কথা সেটা আমার জীবন থেকেই আমি প্রমাণ পাই। লিহামের প্রতি আমার ভালবাসায় বিন্দুমাত্র খাঁদ ছিল না। তবুও আমি তাকে পাইনি। পেয়েছি সাদাফুল কে। কারন হিসেবে আমি মনে করি সাদাফুলেই হল আমার Soulmate.

সে আমার জীবনের ধ্রুবতারার মত। গভীর সমুদ্রে যখন দিক হারিয়ে ঝড়-বিধ্বস্থ জাহাজ নিয়ে যখন ডুবে যাওয়ার অপেক্ষায় ছিলাম, তখন সে ধ্রুবতারা হয়ে আমাকে পথ দেখিয়ে আমার আমার কাংখিত বন্দরে পৌছে দিল।

I don't know what makes me feel so lucky! But I certainly know a thing that I LOVE YOU. I'll be there for you till death and after death Insha Allah!

‪#‎পাভেল‬, এই স্ট্যাটাস যদি তোমার নজরে আসে তবে আমি আশা করব তুমি তোমার মুখ বন্ধ রাখবে। ধন্যবাদ।

ছ্যাচড়া

কেউ কি আমাকে ছ্যাচড়া শব্দের উৎপত্তি সম্পর্কে তথ্য দিতে পারেন? এই শব্দটি কোথ্যেকে আসল? কে-ই বা আবিস্কার করল? চিকন দাগে এর অর্থই বা কি?

খচ্চর হল ঘোড়া ও গাধার সংকর যারা প্রজননে অক্ষম। আর গন্ধগকুল বা খাটাশ হল ছোট সাইজের শিয়ালের মত দেখতে কালো এক প্রাণী। তবে আমরা যখন কথা বলার সময় খচ্চর, খাটাশ শব্দগুল ব্যবহার করি তখন গালি হিসেবে ব্যবহার করি। কেউ যদি অপরিষ্কার থাকে বা এমন কোন কাজ করে যা সাধারনত স্বাস্থ্যসম্মত নয় তখন তাকে খচ্চর, খাচ্চর, খাচর, খাচরা, খাটাশ- ইত্যাদি উপাধিতে ভূষিত করি।

ই খাচরা শব্দ থেকেই ছ্যাচড়া শব্দের উৎপত্তি বলেই তো মনে হচ্ছে। তবে অর্থগত কিন্তু পার্থক্য হয়েছে। ছ্যাচড়া শব্দটা মানসিক দৈন্যতা প্রকাশ করে। সহজভাবে বললে তারা মানসিকভাবে খাচ্চর!

এখন ছ্যাচড়া চেনার উপায় কি? উপায় খুব সহজ!

মাসে ইনকাম হাজার হাজার টাকা। চালচলনে ফিটফাট। দামী দামী এক্সেসরিজ ব্যবহার করে। সুগন্ধীর সুবাসে অজ্ঞান হবার দশা। কিন্তু মেসের খাবারের টাকা অগ্রিম দেয় না। -- তুই একটা ছ্যাচড়া!

দেখতে শুনতে ভাল। ইন ছাড়া শার্ট পড়েন না। চুলগুলো সবসময় আচরানো। ঘন্টার পর ঘন্টা মোবাইলে উথাল পাথাল প্রেমের আলাপ করেন। বাপের পকেট কেটে গার্লফ্রেন্ডের বান্ধবীদের ট্রিট দেয়। কিন্তু বাসের কন্টাকটরের সাথে এক টাকার লেনা-দেনা নিয়ে গালিগালাজের সাথে চড় থাপ্পড় ফ্রী দেন।--তুই একটা ছ্যাচড়া!

অফিসে সারাদিন ঝিম মেরে পড়ে থাকেন। জিহ্বা দিয়ে রাজা-উজির মারেন। কিন্তু বছরে একদিন বসেরা আসলেই হুলস্থুল! -- তুই, তুই একটা ছ্যাচড়া!

সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছেন। কোনদিন দাগ লাগানো শার্ট পড়েন নি। কিভাবে দাগ লাগে সেটাও জানেন না। দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ ডিগ্রী নেয়া। কিন্তু পাবলিক বাসে উঠে মুখটা চুন করে পাশের সিট ব্লক করে বসে থাকেন। - তুই একটা ছ্যাচড়া!

উনি একজন উঠতি বয়সের মানুষ। ফেসবুকে FnF এর অভাব নেই। প্রতিটি পোস্টেই লাইক-কমেন্টের বন্যা। তাও ইনবক্সে লাইক খুজে বেড়ান। দুই কলম লেখার মুরোদ নেই। আরেকজনের লেখা সংগ্রহ বলে চালিয়ে দেন। জিজ্ঞেস করলে বলেন, আরে এটাতো সবাই জানেন!-- হ, হ, তুই একটা অনলাইন ছ্যাচড়া!

মাফ চাই

কোন বিশেষ দিবস নিয়ে কেন জানি আমার বিশেষ কোন অনভূতি কাজ করে না। স্বাভাবিক, সবাই একরকম হবে এমন নয়। আমাদের জাতীয় দিবসগুলোর মধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, শোক দিবস, বিপ্লব ও সংহতি দিবস, বিজয় দিবস-ইত্যাদি উল্লেখ্যযোগ্য। এছাড়াও ভালবাসা দিবস, পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুণ এগুলোতো আছেই। এদেশের মানুষজন উৎসব প্রবণ। কোন উপলক্ষ্য পেলেই হল। উপলক্ষ্যেকে ঘিরে নানা কার্যক্রমে জড়িয়ে যায়।

আমার কাছে বেশিরভাগই অর্থহীন ও অপচয় লাগে। ক্ষেত্র বিশেষে বাড়াবাড়িও মনে হয়। এই যেমন বিজয় দিবস উপলক্ষ্যে পিপি হিসেবে বাংলাদেশের পতাকা দেয়া নিয়ে ফেসবুকে দু'টো গ্রুপ হয়ে গেল। দুই গ্রুপের অনেকেই একে অপরের প্রতি কাঁদা ছোড়াছুড়িতে লিপ্ত ছিলেন যা হোমফিড দেখে স্পষ্টই বুঝতে পেরেছি। যে দিতে চায় তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলাও বাড়াবাড়ি আর যে দিতে চায় না তাকেও কটাক্ষ করা বা অনুরোধ করাটাও বাড়াবাড়ি লেগেছে।

আমার পিসি, আমার মডেম, আমার কেনা মেগাবাইট! আমি আমার প্রোফাইল পিক কি দিব না দিব সেটা নাহয় আমিই ঠিক করি। আপনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনি আপনার পিপি, কপি- কি দেবেন না দেবেন সম্পূর্ণই আপনার ব্যাপার। আমার আপনাকে বা আপনার আমাকে কোন কারনে পছন্দ না হলে, পরস্পরের ধারে কাছে না ঘেষলেই ল্যাঠা চুকে যায়।

তবে একটা কাজ আমি করি। বাংলা লেখার চেষ্টা করি। আগে থেকেই করি। ৫-৬ বছর আগে যখন ফেসবুকে বাংলা অক্ষরে লেখা যেত না তখন ইংরেজি অক্ষর দিয়েই বাংলা লিখতাম। যাদের সাথে ইনবক্সে টুক টাক কথা হয়, বা যাদের পোস্টে মন্তব্য করি তারা হয়ত লক্ষ্য করেছেন ব্যাপারটা। না করলেও ক্ষতি কিছু নেই। এমনো হয়েছে বাংলা অক্ষর দিয়ে ইংরেজী পোস্ট করেছি। বাংলা লিখতে ভাল লাগে তাই বাংলাতেই লিখি।

লেখার সময় চেষ্টা করি যেন বানান শুদ্ধ থাকে। কোন গল্প, কবিতা বা প্রবন্ধ যতই ভাল হোক না কেন বানান ঠিক না থাকলে তার আবেদন অনেকখানি হারিয়ে যায়। পাঠকের বিরক্তির উদ্রেগ হয়। নিজে যেমন চেষ্টা করি শুদ্ধ লিখতে তেমনি কারো লেখায় ভুল বানান অথবা টাইপো থাকলে তাকে ধরিয়ে দিতে চেষ্টা করি। এই কাজ করতে গিয়ে এমন হয়েছে যে, আমার পাঠকদের মধ্যে একজন যদি আমার লেখায় কোন ভুল পান বা কোন ধরনের অসঙ্গতি দেখতে পান তবে আমাকে ইনবক্সে জানিয়ে দেন।

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাণে। বানান ভুলের এই খেলায় মাঝে মাঝে ভুলেই যাই আসলে সব জায়গায় নাক গলানোর অধিকার আমার নেই। সবাই সংশোধনের যোগ্য নয়। অহংকারী ব্যক্তি কখনো সংশোধিত হতে পারে না।

কিছু কিছু জায়গায় ভাল ভাল পোস্টে বানানের কথা তুলে উল্টো বাঁশ খেয়েছি। এমনভাবে খেয়েছি যে কুঁই কুঁই ও করতে পারিনি। মানে মানে কেটে পড়েছি। কি দরকার ক্রেজি লোকজনের সাথে তর্ক করার। কেউ হয়ত বলতে পারেন টাইপো ছিল। না ভাই, টাইপো ছিল না। কেউ যদি লিখে "আমি বাত খাই" তাহলে টাইপো বলা যায়। কিন্তু বার বার যদি লিখে "আমি বাত খাই" তাহলে বোঝাই যায় সে আসলে "ভাত" শব্দটার সাথে পরিচিত নয়।

বিনামূল্যে জ্ঞান ও মিলে যায় অনেক সময়। "একসময় আমরা পড়েছি বাড়ী, গাড়ী, নারী। আর এখনকার স্কুলে পড়ানো হয় বাড়ি, গাড়ি, নারি। যান, তাদের কাছে গিয়ে বানান ঠিক করার কথা বলেন।"

আমি ভাই ক্ষুদ্র মানুষ। নিজের ক্ষুদ্রতার কথা ভুলেই গিয়েছিলাম। আমি কিভাবে বিদ্যাগ্রহ নাহিদ মহোদয়কে বলি, "স্যার, ছেলে-পেলেতো এইসব কথা বলে। কথা কি সত্য?" অনেক ধন্যবাদ ভাই আমাকে আমার চোখে আঙুল দিয়ে আমার অবস্থান দেখিয়ে দেবার জন্য।

আর হ্যা, করজোড়ে মাফ চাই! ক্ষমা করে মহত্ত্বের পরিচয় দেবেন। ভুলে ভুল বানানের কথা বলে ফেলেছি। এই ধরনের ভুল থেকে যেন ভবিষ্যতে মুক্ত থাকতে পারি সে দোয়া করবেন দয়া করে। এই নরাধমের বেয়াদবি মন থেকে মুছে ফেলে মাফ করে দিবেন।

অসংখ্য ধন্যবাদ!